সার্ভারে প্রবেশের জন্য প্রয়োজনীয় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় সারাদেশে সাময়িকভাবে বন্ধ রয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম। এ কারণে মাঠ পর্যায়ে সেবাগ্রহীতারা চরম ভোগান্তিতে পড়েছেন।

\r\n

মঙ্গলবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি জানান, “সার্ভারে লগইন করার সময় ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওটিপির প্রয়োজন হয়। কিন্তু এখন সেই ওটিপি না আসায় কর্মকর্তারা সার্ভারে ঢুকতে পারছেন না। ফলে আপাতত অনলাইন কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।”

\r\n

তবে এনরোলমেন্ট কেন্দ্রগুলোতে ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

\r\n

মহাপরিচালক আরও বলেন, “আমাদের সার্ভার বন্ধ হয়নি। ওটিপি সার্ভিসটি বাইরের একটি প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে। তাদের সিস্টেমেই ত্রুটি দেখা দিয়েছে। সমস্যা সমাধানের কাজ চলছে এবং ঠিক হয়ে গেলে পূর্ণাঙ্গ সেবা পুনরায় চালু হবে।”

\r\n

এদিকে ওটিপি সংকটের কারণে সকাল থেকে এনআইডি সেবা দিতে ব্যর্থ হচ্ছেন মাঠপর্যায়ের কর্মকর্তারা। তবে সংশ্লিষ্টদের আশ্বাস, দুপুরের মধ্যেই সমস্যা সমাধান হয়ে যাবে।